মিরসরাইয়ে পুড়িয়ে হত্যার আসামি বিএনপি-জামায়াতের নেতারা
অবরোধের মধ্যে ডাকা হরতালের আগের রাতে চট্টগ্রামের মিরসরাইয়ে এক আওয়ামী লীগ সমর্থককে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার দুই দিন পর একটি মামলা করেছেন নিহতের ছোট ভাই।
সোমবার সকালে মিরসরাই থানায় করা এ হত্যা মামলায় ৩১ জনের নাম রয়েছে, যারা স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন ওসি ইমতিয়াজ ভুঁইয়া।
এদিকে, মামলা দায়েরের আগেই রোববার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে, তার পরিচয় জানা যায়নি।
উপজেলার হাইদকান্দি ইউনিয়নের জগদীশপুর গ্রামে শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা মো. মহিউদ্দিনের (৪০) বাসায় ঢুকে তাকে পিটিয়ে অচেতন করে এবং ঘরে আগুন দিয়ে পালিযে যায়। এতে দগ্ধ হয়ে মারা যান ওই আওয়ামী লীগ কর্মী।
এসময় মো. মোস্তাফিজুর রহমান রাজীব (২৭) ও মো. হারুন (৪৫) নামের আরও দুইজন আহত হন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতের ছোট ভাই মো. ফিরোজ বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিরা স্থানীয় পর্যায়ে জামায়াতে ইসলামী ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।”
এলাকায় মহিউদ্দিন ও তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ওই রাতের হামলায় মহিউদ্দিনের কয়েকজন প্রতিবেশীও আহত হন বলে জানিয়েছে স্থানীয়রা।
