২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার পর চট্টগ্রামের ৫ ট্রেনের যাত্রা বাতিল

মিরসরাইয়ের নাশকতার কারণে চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে পাঁচটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 12:31 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

এগুলো হল- ঢাকাগামী মহানগর প্রভাতি, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলী, কর্ণফুলী এক্সপ্রেস ও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস।

চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

সুবর্ণ এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে, প্রভাতি সকাল ৭টায়, কর্ণফুলী সকাল সাড়ে ১০টায়, গোধূলী বিকাল ৩টায় ও সাগরিকা সকাল ৭টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল।

এদিকে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে রোববার রাতে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তূর্ণা এক্সপ্রেস সীতাকুণ্ড এলাকায় আটকে আছে।

দুর্ঘটনার পর সকালে চট্টগ্রাম রেল স্টেশনে শত শত যাত্রী ও তাদের স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে। সকাল সোয়া ১১টায় যাত্রা বাতিল হওয়ার আগ পর্যন্ত যাত্রীরা স্টেশনে অপেক্ষায় ছিলেন।

ভোররাতে মিরসরাইয়ের বড় তাকিয়ায় রেল লাইনের ১২৬ ফুট এলাকাজুড়ে প্রায় ১২০টি প্যান্ডরোল ক্লিপ খুলে ফেলায় ময়মনসিংহ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর থেকে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ।

বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে রেলাইনে নাশকতার এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ও লাকসাম থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে। বিকালের আগেই ট্রেন চলাচল শুরু হবে বলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক আশা করছেন।

এই ঘটনা তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।