২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইজদীতে পুলিশের গাড়িতে আগুন দিতে গিয়ে ধরা

অবরোধের মধ্যে ডাকা হরতালে নোয়াখালীর মাইজদীতে পুলিশবাহী অটোরিকশায় আগুন দেওয়ার চেষ্টার সময় দুই যুবককে হাতেনাতে আটক করা হয়েছে, যাদের একজন ইসলামী ছাত্র শিবিরের নেতা ও অন্যজন কর্মী বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 09:04 AM

Updated : 12 Oct 2022, 03:15 PM

সোমবার সকাল পৌনে ৭টার দিকে নাপিতেরপুল এলাকায় মাইজদী-চৌমুহনী সড়কের এ ঘটনায় আটকদের কাছ থেকে দুটি করে পেট্রোল বোমা ও হাতবোমা উদ্ধার হয় বলে জানান সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন।

আটকরা হলেন-শহরের উকিল পাড়ার বাসিন্দা রেদোয়ান আহম্মেদ শামীম (২২) ও কুমিল্লার মনোহরগঞ্জের মো. আল হেলাল (২৩)।

এদের মধ্যে শামীম স্থানীয় শিবিরের সাথী এবং হেলাল শিবির কর্মী। দুজনই নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী। হেলাল একটি মেসে থাকেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ওই এলাকায় একটি অটোরিকশা ভাংচুর করে পিকেটাররা। খবর পেয়ে অটোরিকশা নিয়ে এসআই মিজানসহ পাঁচ পুলিশ ঘটনাস্থলে যায়।

“এ সময় পুলিশবাহী অটোরিকশাটির গাতিরোধ করে আগুন দেয়ার চেষ্টা চালায় শামীম ও হেলাল। একই সময় বিপরীত দিক থেকে ওসির নেতৃত্বে টহল পুলিশের আরো একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে এসে ধাওয়া করে হাতেনাতে শামীম ও হেলালকে আটক করে। পরে তাদের কাছ থেকে পেট্রোল বোমা ও হাতবোমাগুলো উদ্ধার হয়।”

এসময় তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

এদিকে, পুরো ঘটনাটি পুলিশের সাজানো বলে দাবি করেছেন জেলা শিবিরের সভাপতি মো. ময়াজ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এধরনের ঘটনার সঙ্গে শিবিরের সংশ্লিষ্টতা নেই। শিবিরের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য পুলিশ এ নাটক সাজিয়েছে।”     

বিএনপি জোটের অবরোধে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ হচ্ছে, চলছে বোমাবাজিও।

এদিকে রোববার রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতায় জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে বলে জেলার পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানিয়েছেন।

আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আনোয়ার।