২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় ১৩টি হাতবোমা উদ্ধার

চট্টগ্রামের পশ্চিম পটিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2015, 02:33 PM

Updated : 22 Aug 2022, 11:33 AM

সোমবার সকালে পটিয়া থানার শিকলবাহা নয়া দিঘীর পাড় এলাকার একটি খালি মাঠ থেকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসান জানান।

পুলিশের বিশেষ শাখার এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাগজের একটি প্যাকেটে হাতবোমাগুলো ফেলে রাখা হয়েছিল। নাশকতা সৃষ্টির জন্যই সেগুলো রাখা হয়েছিল বলে আমাদের ধারণা।”

পটিয়া থানার ওসি কেফায়েত উল্লাহ জানান, সকালে স্থানীয়রা প্যাকেটটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এদিকে অবরোধ ও হরতালকে কেন্দ্র করে নাশকতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের চার উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল জানান, রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সীতাকুণ্ড, হাটহাজারি, সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চলে।

গ্রেপ্তার ১২ জনই বিভিন্ন সময়ে নাশকতার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। তাদের মধ্যে নয়জন জামায়াত-শিবির এবং তিনজন বিএনপিকর্মী।