টেকনাফে ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৮
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১২ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে আট জনকে পাচারকারীকে সন্দেহে আটক করা হয়েছে।
রোববার ভোর রাত ও সকালে এ অভিযান চলাকালে একটি অটোরিকশাও জব্দ করা হয়।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, সকাল ১০টার দিকে পৌরসভার নাইট্যং পাড়া দিয়ে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে বিজিবি অভিযান চালায়।
টের পেয়ে পাচারকারীরা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়, যাতে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
বিজিবি কর্মকর্তা আরও বলেন, ভোর রাতে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজারগামী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট বহনের দায়ে টেকনাফের গোদার বিল এলাকার সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে (২৮) আটক করা হয়।
পরে তার কাছ থেকে ১৯২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাসহ তাকে থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দাকার জানান, ভোর ও সকালে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার হোয়াইক্যং এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ ইয়াবা ট্যাবলেটসহ ছয় জন পাচারকারীকে আটক করা হয়েছে।
এ সময় তাদের ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয় বলেও তিনি জানান।
আটকরা হলেন টেকনাফের পুরান পল্লান পাড়ার শহিদুল ইসলাম (২৩), হোয়াইকংয়ের মোজাম্মেল হক (৪০), মো. জসিম (২২), ডেইলপাড়ার আব্দুল্লাহ (২৩), সাবরাং ডেইলপাড়ার মো. জাবেদ (২৩), হাফেজ আহমদ (২৯) ও তোফাইল (২৩)।
ওসি আরও জানান, থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করে ইয়াবাসহ আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
