২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ উদ্ভাবকদের ভাবনায় ‘স্মার্ট লিফটার’, ‘ওয়েক আপ’

তরুণ শিক্ষার্থীদের অভিনব সব উদ্ভাবনী ভাবনা আর নকশা নিয়ে চট্টগ্রামে হয়ে গেল ‘ইয়ং বাংলা’র ‘ডিভিশনাল মিট’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2015, 12:39 PM

Updated : 12 Oct 2022, 03:13 PM

পুড়তে থাকা বাসের যাত্রীদের উদ্ধারের জন্য দুই তরুণ শিক্ষার্থী এ অনুষ্ঠানে হাজির করেছেন রোবোটিক হাত ‘স্মার্ট লিফটার’ এর নকশা।

‘ওয়েক আপ’ নামের আরেকটি যন্ত্রের ধারণা নিয়ে এসেছিলেন এক শিক্ষার্থী, যে যন্ত্রটি ঘুমকাতুরে গাড়িচালককে সতর্ক করে দেবে।

সারা দেশ থেকে বাছাই করে সেরা তরুণ উদ্ভাবকদের পুরস্কৃত করতে শনিবার বন্দরনগরীর ডিসি হিলে এই বিভাগীয় পর্বের আয়োজন করা হয়। 

‘স্মার্ট লিফটার’ নামের যন্ত্রটির নকশা করেছেন ঢাকার মিরপুর ক্যান্টনমেন্টে এলাকার মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী সানজিদা ও নাহিদুজ্জামান।

সাম্প্রতিক সময়ে গণপরিবহনে নাশকতার ঘটনার প্রেক্ষাপটে জানমালের ক্ষতি কমাতে ‘স্মার্ট লিফটার’ পদ্ধতি কীভাবে কাজ করতে পারে- সে বিষয়ে এ আয়োজনে ধারণা দেন সানজিদা ও নাহিদুজ্জামান।

এ প্রকল্পের নির্দেশক মাহিম উদ্দিন মাহি বলেন, ‘স্মার্ট লিফটার’ দেখতে হবে অনকেটা ক্রেনের মতো, যাতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা থাকবে। এটি কাজ করবে দূর নিয়ন্ত্রণের মাধ্যমে। এজন্য একটি কন্ট্রোল প্যানেল থাকবে।

“ধরা যাক একটি বাসে আগুন লেগেছে। দূরনিয়ন্ত্রণের মাধ্যমে যন্ত্রটিকে বাসের কাছে নেওয়া হবে। তারপর সেটি ক্যামেরার মাধ্যমে ভিকটিমদের সনাক্ত করে তাদের উদ্ধার করবে।”

তবে কাজের উপযোগী করতে এ ধারণার আরো উন্নয়ন ঘটাতে হবে বলে জানান মাহি।

সম্ভাব্য লক্ষ্যে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন ‘আনম্যানড সারভেইল্যান্স ভেহিকল’, বাকপ্রতিবন্ধীদের জন্য ‘স্পিক আপ ডিভাইস’, ‘হার্টবিট ডিটেকটর’, ‘ডিজিটাল স্টিক ফর ব্লাইন্ড’সহ নানা উদ্ভাবন দিয়ে অনুষ্ঠানের অতিথিদের চমকে দিয়েছেন তরুণরা শিক্ষার্থীরা।

‘ইয়ং বাংলা’র আহবায়ক তরুণ সংসদ সদস্য নাহিম রাজ্জাক অনুষ্ঠানে বলেন, সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে প্রযুক্তিদক্ষ সৃজনশীল তরুণদের এগিয়ে আসতে হবে।

“সারাদেশে নিরবে-নিভৃতে অনেক তরুণ ও যুব সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাদের সংগঠিত করার জন্যই ইয়ং বাংলার এই প্ল্যাটফরম।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

আগামী ৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে দশটি ক্যাটাগরিতে সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখা ৩০ তরুণকে দেওয়া হবে ‘ইয়ুথ অ্যাওয়ার্ড’।