২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মিলাদ

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2015, 12:26 PM

Updated : 12 Oct 2022, 03:13 PM

স্থানীয় সময় শনিবার বিকালে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত ওই মিলাদে অংশ নিয়েছেন প্রবাসে অবস্থানরত বিএনপি নেতা-কর্মীরা।

এতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ, ইলিয়াস মাস্টার, অধ্যাপক দেলোয়ার হোসেন, আব্বাস উদ্দিন দুলাল, আবুল বাশার, গিয়াসউদ্দিন, ওমর ফারুক প্রমুখ।

দোয়া-মাহফিল পরিচালনা করেন মাওলানা আশরাফুল্লাহ।

শনিবার মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সে মারা যান খালেদা জিয়ার ছোট ছেলে কোকো।

জরুরি অবস্থার সময় গ্রেপ্তার কোকো ২০০৮ সালের ১৭ জুলাই তৎকালীন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন।

তারপর তিনি ব্যাংকক থেকে মালয়েশিয়ায় পাড়ি জমান বলে ২০১১ সালে সাংবাদিকদের জিজ্ঞাসায় জানিয়েছিলেন ঢাকায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত।

ওই বছরের ২৩ জুন মুদ্রা পাচারের মামলার রায়ে আরাফাতকে ছয় বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত; সেই‌সঙ্গে ১৯ কোটি টাকা জরিমানাও করা হয়।

মসজিদে দোয়া শেষে  ব্রুকলিনের গ্রিনহাউজ রেস্টুরেন্টে তাৎক্ষণিক এক শোক সভা করেন বিএনপি নেতা-কর্মীরা।

শোক সভায় সাদেক হোসেন খোকা সবাইকে কোকোর মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলনের প্রতি আন্তর্জাতিক জনমত সুসংহত করার আহ্বান জানান।

একইসাথে কোকোর শোক-সন্তপ্ত পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানান।

কোকোর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে বিডিনিউজের টোয়েন্টিফোর ডটকমের কাছে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল, বিএনপি নেতা মো. বশির, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, ফ্লোরিডা বিএনপির সভাপতি দিনাজ খান প্রমুখ।