চাটখিলে হাসপাতালে পেট্রোল বোমা, চিকিৎসকসহ আটক ১২
নোয়াখালীর চাটখিলে ইসলামিয়া হাসপাতাল থেকে অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে ওই হাসপাতালে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে জাকির হোসেন ও হারুনুর রশীদ বান্না নামের দুই চিকিৎসক ছাড়া অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চাটখিল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে খবর পেয়ে বিকাল সাড়ে ৪ টার দিকে ইসলামিয়া হাসপাতালে অভিযান চালানো হয়।
হাসপাতালের বিভিন্ন কক্ষ থেকে একটি এলজি, দুই রাউন্ড তাজা কার্তুজ, পাঁচটি পেট্রোল বোমা ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, কয়েকজন নেতাকর্মী হাসপাতালের পেছনের দরজা দিয়ে পালাতে সক্ষম হলেও ১২ জনকে আটক করা হয়।
চিকিৎসক জাকির হোসেন দাবি করেন, অপারেশন থিয়েটার থেকে কাজ শেষে বের হলে পুলিশ বিনা কারণে তাকে আটক করেছে।
