ঢাকায় ৪ গাড়িতে আগুন
বিএনপি জোটের ডাকা অবরোধের সপ্তদশ দিন বৃহস্পতিবার রাজধানীতে তিনটি বাসসহ চারটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
দমকল বাহিনী কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন সরকার বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়ে বলেন, এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিকালের পর রামপুরা, কমলাপুর, গাবতলী ও মালিবাগে এই গাড়িগুলোতে আগুন দেয় দুর্বৃত্তরা।
সন্ধ্যা ৬টায় রামপুরা টিভি ভবনের সামনে একটি কভার্ড ভ্যান, সন্ধ্যা সোয়া ৭টায় কমলাপুর টিটি পাড়ায় একুশে পরিবহনের একটি বাস, রাত সাড়ে ৮টায় গাবতলীতে রূপকথা পরিবহনের একটি বাস এবং ৯টায় মালিবাগ চৌধুরী পাড়ায় বন্ধু পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
