৩ মাসেই ফল প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
আড়াই বছরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করতে ‘ক্রাশ গ্রোগ্রাম’ হাতে নিয়েছে কর্তৃপক্ষ।
এই কর্মসূচির অংশ হিসেবে এখন থেকে তিন মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমণ্ডির নগর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন তিনি।
উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফল তিন মাসের মধ্যে ঘোষণা করা হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই প্রোগ্রাম নেওয়া হয়েছে।
“পরীক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করে বিশেষ সফটওয়ারের মাধ্যমে নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে পাঠাবেন। আগে ‘ম্যানুয়ালি’ এটা করা হত।”
২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃতসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকেই বছরের শুরুতেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার জানিয়ে দেওয়া হবে বলে জানান অধ্যাপক হারুন।
তিনি বলেন, ক্রাশ প্রোগ্রাম বাস্তবায়নে ক্লাস, ফরম পূরণ, পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের দিন সংখ্যা কমিয়ে এনে ক্লাসের সময় বাড়ানো হয়েছে।
উপাচার্য বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমাতে আগামী দুই বছর সকালে ক্লাস শেষে শিক্ষার্থীদের বিকালে পরীক্ষা নিতে হবে। শুক্রবারেও একবেলা পরীক্ষার নেওয়ার প্রয়োজন হবে।”
এজন্য হরতাল-অবরোধের মত কর্মসূচি না দিতেও সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান অধ্যাপক হারুন।
মাল্টিমিডিয়া প্রজেক্ট্ররের মাধ্যমে পুরো ক্রাশ প্রোগ্রামের বিস্তারিত তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) মুনাজ আহমেদ নূর।
এই কর্মসূচির ফলে এক বছর আট মাসের সেশনজট দূর হবে জানিয়ে নূর বলেন, বর্তমানে ২৪০ দিন ক্লাস শিডিউল থাকলেও ক্রাশ প্রোগামে ক্লাসের সময় রাখা হয়েছে ২১০ দিন।
এছাড়া ফরম পূরণ ৩০ দিনের পরিবর্তে ১৫ দিন, পরীক্ষা গ্রহণ ৭৫ দিনের বদলে ৫৫ দিন এবং ক্লাসের সময় ৪৫ মিনিট থেকে বাড়িয়ে এক ঘণ্টা করা হয়েছে বলেও জানান তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) আসলাম ভুইয়া, কোষাধ্যক্ষ নোমান-উর রশীদ, শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য তুহিন আফরোজ আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
