ছাত্রদলের ধর্মঘট শেষে চলল চবির শাটল ট্রেন
ছাত্রদলের ডাকা ধর্মঘটের দুই দিনই বন্ধ ছিল চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মুখী ট্রেন।
বিএনপি জোটের অবরোধের মধ্যেও অন্যান্য যানবাহন চলাচল করায় বিশ্ববিদ্যালয়ে যেতে বুধ ও বৃহস্পতিবার রেল স্টেশনে উপস্থিত হন কিছু ছাত্র, তবে তারা যেতে পারেননি।
তবে ধর্মঘট শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ট্রেন ক্যাম্পাসে পৌঁছে।
কর্তৃপক্ষ বলছে, নাশকতার আশঙ্কায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়ছিল।
ধর্মঘটের প্রথম দিন বন্ধ থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে নগরী থেকে বিশ্ববিদ্যালয়ের পথে শিক্ষক বাস চলছে।
নগরীর ষোলশহর স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরব আলী দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতার আশঙ্কায় গতকালের মতো আজও শাটল ট্রেন চলছে না।”
শাটল ট্রেন না চলায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।
বিশ্ববিদ্যালয়ে যেতে ষোলশহর স্টেশনে এসে ফেরত যাওয়া শিক্ষার্থী তৌফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভর্তি সংক্রান্ত কাজ থাকায় বিশ্ববিদ্যালয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু শাটল চলছে না। বাসে যেতেও ভয় লাগে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতার আশঙ্কায় শাটল চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে সন্ধ্যায় একটি ট্রেন ক্যাম্পাসে পৌঁছেছে। এই ট্রেনে করে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা ফিরতে পারবে।”
তিনি জানান, দিনভর শহরের বিভিন্ন স্থান থেকে বাসে ও ব্যক্তিগত গাড়িতে করে কিছু শিক্ষার্থী এবং শিক্ষক বাসে করে শিক্ষকরা ক্যাম্পাসে গেলেও উপস্থিতির হার ছিল কম।
দর্শন ও লোক প্রশাসনসহ কিছু বিভাগে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রক্টর।
