তালার সঙ্গে বোমা বেঁধে ছাত্রদলের ধর্মঘট
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের ধর্মঘটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বাণিজ্য অনুষদ এবং কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের মূল ফটকে তালার সঙ্গে বোমা বেঁধে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ভোরের দিকে বিষয়টি নজরে আসার পর বোমাগুলো অপসারণ করে পুলিশ নিয়ে গেছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক।
নেতা-কর্মীদের ‘গুম, খুন, গ্রেপ্তার ও শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের’ অভিযোগ তুলে বুধবার থেকে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয় ছাত্রদল।
প্রক্টর আইনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফটকে তালার সঙ্গে টেপ দিয়ে মোড়ানো একটি করে ককটেল দেখতে পাই। তাতে লেখা রয়েছে ‘ধর্মঘট ছাত্রদল’।”
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী মো. মোস্তাফা বলেন, “ভোরে ১২ থেকে ১৫ জনের একটি ঝটিকা মিছিল ক্যাম্পাসে দেখা যায়। তারা মুখোশ পরা অবস্থায় ছিলেন বলে আমরা তাদের চিনতে পারিনি।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান কোটবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মো. মাহফুজুর রহমান।
এর আগে ধর্মঘটের প্রথম দিন বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি ভবন ও বিভাগের মূল ফটকে তালা ‘সুপার গ্লু’ দিয়ে আটকে দেওয়া হয়েছিল।
