২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে দুর্ঘটনায় দুই যুবক নিহত

ফেনীর মহিপাল ও ছাগলনাইয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 03:58 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

এর মধ্যে বৃহস্পতিবার সকালে মহিপালের মোহাম্মদ আলী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মারা যান এক মোটরসাইকেল আরোহী।

আর ছাগলনাইয়ার বাংলাবাজারে ফেনী-ছাগলনাইয়া সড়কে ট্রাকের চাপায় এক পথচারীর মৃত্যু হয় বুধবার মধ্যরাতে।

মহিপাল মহাসড়ক থানার পরিদর্শক (তদন্ত) সালেহ আহম্মদ পাঠান এবং ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুর্ঘটনা দুটির খবর জানিয়েছেন।

মহিপালে নিহত রফিকুল ইসলাম জামসেদ (২৪) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা গ্রামের মোস্তফা কামালের ছেলে।

ছাগলনাইয়ায় নিহত মফিজুর রহমান (২৭) উপজেলার দক্ষিণ মন্দ্রিয়া গ্রামের কাজি আবদুর রহমানের ছেলে।

মহিপাল মহাসড়ক থানার পরিদর্শক সালেহ আহম্মদ জানান, সকালে মোহাম্মদ আলী বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ জামসেদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্রুতগামী কোনো ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ছাগলনাইয়ার ওসি রাশেদ খাঁন জানান, বুধবার মধ্যরাতে বাংলা বাজার এলাকায় কেরানি বাড়ির সামনে একটি ট্রাক পথচারী মফিজুরকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্বার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।