২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেললাইনে আটকাল সাইকেলের চাকা, কাটা পড়লেন একজন

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে রেললাইন দিয়ে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 12:01 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

বৃহস্পতিবার সকালে দোহাজারি থেকে চট্টগ্রামগামী একটি ট্রেনে কাটা পড়ে হতাহতের এ ঘটনা ঘটে বলে চান্দগাঁও থানার এসআই সজল কান্তি দে জানান। 

নিহত মামুনুর রশিদ (৫০) বোয়ালখালী উপজেলার সবদর পাড়ার বাসিন্দা। আহত আনোয়ার হোসেনের বাড়ি একই উপজেলার মীর পাড়ায়।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে এক ব্যক্তি সেতু পার হওয়ার সময় তার সাইকেলের চাকা রেললাইনে আটকে যায়।

এরইমধ্যে একটি ট্রেন আসতে দেখে আরেকজন ওই সাইকেল আরোহীকে সরাতে যান। এতে ট্রেনে কাটা পড়ে মামুন ঘটনাস্থলেই মারা যান।

ধাক্কায় আহত আনোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

“এদের মধ্যে একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তবে দুজনের মধ্যে কে সাইকেল আরোহী ছিলেন তা এখনও জানা যায়নি,” বলেন এসআই সজল।