নোয়াখালীতে কুরিয়ারের গাড়িতে আগুন
বিএনপির লাগাতার অবরোধের মধ্যে নোয়াখালীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে জামে মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, ভ্যানে চালক বা অন্য কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় গাড়িটির সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। কোন মালামাল পোড়েনি।
ওসি আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মালামাল বোঝাই ভ্যানটি বুকিং কাউন্টারের সামনে থামিয়ে রাখা ছিল। এ সময় কয়েকজন একটি মটরসাইকেলে এসে পেট্রোল ছিটিয়ে তাতে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়।
কাছেই ফায়ার সার্ভিসের অফিস হওয়ায় তারা দ্রুত চলে আসে।
এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি বলে পুলিশ কর্মকর্তা আনোয়ার জানিয়েছেন।
