শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি ১০ ঘণ্টা বন্ধ
ঘন কুয়শায় প্রায় ১০ ঘণ্টা শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার সকাল সোয়া ১০টায় পুনরায় চালু হয়।
এতে কনকনে শীতে মাঝ পদ্মায় আটকে থাকা সাতটি ফেরির এক হাজারের বেশি যাত্রীর দুর্ভোগের শিকার হন।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, কুয়াশা এত ঘন ছিল যে, খুব কাছের বস্তুও দেখা যাচ্ছিল না।
নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখতে হয়েছিল। এ কারণে দুপাশে যানজটের সৃষ্টি হয়।
কুয়াশা কেটে যাওয়ার পর ফেরিগুলো গন্তব্যে ফিরতে শুরু করে বলে তিনি জানান।
আটকা পড়া ফেরিগুলো হলো আমানত শাহ, শাহ পরান, টাপলু, লেন্টিং, কলমিলতা, করবী ও কেতকি।
