দিনাজপুরে অ্যাম্বুলেন্স-পুলিশ পিকআপ সংঘর্ষ, আহত ৭
দিনাজপুর সদর উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে পুলিশ পিকআপের সংঘর্ষে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ফার্মহাট এলাকায় দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা হয় বলে কোতয়ালি থানার পরিদর্শক হাসনাত খান জানান।
আহতরা হলেন- এসআই সহিদুল ইসলাম এবং কনস্টেবল মেহেদি, সফিকুল, আল আমিন, ববলু, হাসান ও ধীরেশ।
তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ পরিদর্শক হাসনাত জানান, সকালে পুলিশ সদস্যদের নিয়ে পিকআপটি দশমাইল এলাকায় যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা লাগলে সাতজন আহত হন।
প্রচণ্ড কুয়াশায় দুটি গাড়ির চালকের দৃষ্টিসীমা কমে আসায় এ দুর্ঘটনা হয় বলে জানান তিনি।
অ্যাম্বুলেন্সের সামান্য ক্ষতি হলেও চালক অক্ষত রয়েছেন।
