চট্টগ্রামে নিরুত্তাপ হরতাল
সারাদেশে লাগাতার অবরোধের মধ্যে চট্টগ্রামে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ ঘণ্টার হরতালের শেষ দিনে দুপুর পর্যন্ত বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল ও অবরোধকে কেন্দ্র করে সকাল থেকে কোথাও পিকেটিং বা সভা সমাবেশেরও খবর আসেনি।
হরতালের প্রথম দিনের মতো বুধবারও সকাল থেকে নগর বিএনপি কার্যালয়ে কোনো নেতাকর্মীর দেখা মেলেনি। দলটির অন্যতম শরিক জামায়াতে ইসলামীসহ জোটের নেতাকর্মীদের কোনো তৎপরতাও দেখা যায়নি কোথাও।
বিএনপি কার্যালয় ও আশেপাশের সড়কগুলোতে অবস্থান নিয়ে আছে বিপুল সংখ্যক পুলিশ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে অভ্যন্তরীণ ছোট পরিবহনগুলোর পাশাপাশি নগর পরিবহনের বাসের সংখ্যা বেড়েছে। সূচি ঠিক না থাকলেও ট্রেন চলাচল করছে।
বন্দরনগরীর বাণিজ্যিক প্রতিষ্ঠান ও পোশাক কারখানাগুলোতেও স্বাভাবিক কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের বাইরে থেকে পুলিশবেষ্টনী তুলে নেয়া হলেও তাকে ‘অবরুদ্ধ’ রাখা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম বিভাগে টানা ৩৬ ঘণ্টার এই হরতাল করছে ২০ দলীয় জোট।
এদিকে অবরোধ ও হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামের সাত উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীতাকুণ্ড, মিরসরাই, ফটিকছড়ি, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান চালানো হয় বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসান জানান।
গ্রেপ্তারদের মধ্যে ১১ জন জামায়াত এবং তিনজন বিএনপি কর্মী বলে জানান তিনি।
