ট্রাক ‘থামাতে গিয়ে’ যুবদল নেতা পিষ্ট
ট্রাক থামাতে গিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে পিষ্ট হয়ে নিহত হয়েছেন যুবদলের এক নেতা, আহত হয়েছেন আরও এক কর্মী।
মঙ্গলবার বিকালে উপজেলার নবগ্রামে গোদাগাড়ী-কাকনহাট সড়কে এ ঘটনা ঘটে।
কানসাটে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত যুবককে দলের কর্মী দাবি করে অবরোধের পাশাপাশি রোববার থেকে মঙ্গলবার হরতাল পালন করে বিএনপি।
নিহত এসলাম হোসেন (৩৬) অলকছাত্রা গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে। তিনি উপজেলার রিসিকুল ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি।
আহত যুবদলকর্মী আলমগীর হোসেন (৩৫) একই গ্রামের রুহুল আমিনের ছেলে।
তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিন জন পিকেটার ট্রাক থামানোর চেষ্টা করলে চালক না থামিয়ে তাদের চাপা দিয়ে চলে যান, যদিও পুলিশের কাছে মিলেছে ভিন্ন তথ্য।
পুলিশ বলছে, ট্রকের ধাক্কায় ছিটকে পড়ে নিহত হয়েছেন যুবদলের ওই স্থানীয় নেতা।
প্রত্যক্ষদর্শী আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবগ্রাম মোড়ে গোদাগাড়ীগামী একটি খালি ট্রাক থামানোর চেষ্টা করেন যুবদলের এই তিন নেতাকর্মী।
কিন্তু চালক ট্রাকের গতি বাড়িয়ে তাদের চাপা দিয়ে পালিয়ে যান। ট্রাকের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন এসলাম ও আলমগীর। এদের মধ্যে এসলাম ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় লোকজন আলমগীরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
অবশ্য গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, হরতাল-অবরোধ পালন করতে ওই তিন জন একসঙ্গে গোদাগাড়ী সদরে আসেন। কিন্তু কোনো দলীয় কর্মসূচি না থাকায় মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।
পথে নবগ্রাম মোড়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে এসলাম মারা যান।
