২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎপাদন ব্যবস্থাপককে চাকরিচ্যুত করায় ভাংচুর

নারায়ণগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার উৎপাদন ব্যবস্থাপককে চাকরিচ্যুত করার প্রতিবাদ ও পুর্নবহালের দাবিতে কারখানায় ভাংচুর করেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 09:09 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

মঙ্গলবার বিকালে ফতুল্লার পঞ্চবটি ডয়েজল্যান্ড অ্যাপারেলস গার্মেন্টসে এ ভাংচুরে ঘটনা নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে পুলিশ। তাতে ওই কারখানার অন্তত ১৫ জন আহত হয় বলে দাবি শ্রমিকদের।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের উপ-পরির্দশক মেহেদী জানান, শ্রমিকরা গার্মেন্টসে ভাংচুর শুরু করলে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ডয়েজল্যান্ড গার্মেন্টসের উৎপাদন ব্যবস্থাপক (পিএম) ইকবাল হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করে কারখানা কর্তৃপক্ষ। এই খবরে মঙ্গলবার সকালে শ্রমিকরা ইকবালকে চাকরিতে পুর্নবহালের দাবিতে কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকে।

পুলিশ কয়েকদফা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। দাবিতে অনঢ় থাকলে কর্তৃপক্ষ দুপুরে কারখানা ছুটি ঘোষণা করে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে।

এক পর্যায়ে শ্রমিকরা এলোপাথাড়ি ইট-পাটকেল ও নিক্ষেপ করে কারখানার জানালার কাচ ও গেইট ভাংচুর করে।

পুলিশ লাঠিপেটা ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে টিয়ার শেল নিক্ষেপের কথা অস্বীকার করেছেন এসআই মেহেদী।

শ্রমিকদের অভিযোগ, পিএম ইকবাল হোসেনকে অনৈতিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চাকরিচ্যুতির আগে তাকে কোনো নোটিশ বা পাওনা টাকা পরিশোধ করা হয়নি।

পুলিশের লাঠিপেটা ও টিয়ার শেলে কমপক্ষে ১৫ শ্রমিক আহত হয়েছে বলে দাবি করেন তারা।

কারখানাটির মালিক আরিফুর রহমান বলেন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পিএম ইকবালকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ইকবাল শ্রমিকদের উস্কে দিয়ে গামের্ন্টে ব্যাপক ভাংচুর চালিয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।