২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী কলেজে ‘ছাত্রলীগের’ ভাঙচুর

রাজশাহী কলেজে আটক এক শিবির নেতাকে ছেড়ে দেওয়ার পর অধ্যক্ষের কার্যালয়সহ প্রশাসন ভবনে ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ সমর্থকদের বিরুদ্ধে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 08:48 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

মঙ্গলবার দুপুরে এ হামলা চলাকালে ওই ভবনে কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ঢুকে প্রজেক্টর, কম্পিউটার এবং কক্ষের জানালাও ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে কলেজের ফুলার ভবনের দ্বিতীয় তলা থেকে ইসলামী ছাত্র শিবিরের কলেজ হোস্টেল শাখার সভাপতি রিপন আলীকে ছাত্রলীগ সমর্থকরা মারধর করে নিচে নামিয়ে আনে।

খবর পেয়ে কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান গিয়ে রিপন আলীকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যান।

পরে তাকে কলেজ থেকে নিরাপদে বের করে দেওয়া হয়।

এতে ছাত্রলীগ নেতাকর্মীরা অধ্যক্ষের উপর ক্ষিপ্ত হয়ে প্রশাসন ভবনে হামলা চালান।

এ সময় প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় স্টাফ রুমে কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ঢুকে প্রজেক্টর, একটি কম্পিউটার, কক্ষের দুটি জানালার কাচ ভাঙচুর করা হয়।

এরপর তারা কলেজের অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে অধ্যক্ষকে ছাত্র শিবির নেতাকে ছেড়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করেন। এক পর্যায়ে অধ্যক্ষের কার্যালয়েও ভাঙচুর করেন।

পরে অধ্যক্ষ ও অন্য শিক্ষকরা তাদের বুঝিয়ে শান্ত করেন।

এ ব্যাপারে অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, কলেজের ফুলারভবন থেকে তার কাছে একটি টেলিফোন আসে। তাকে জানানো হয় কলেজ ক্যাম্পাসে মারামারি হচ্ছে।

তিনি গিয়ে দেখেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান ভবনের কাছে একটি ছেলে মাটিতে পড়ে আছে। তিনি ছাত্রলীগ নেতাদের কাছে ছেলেটির পরিচয় জানতে চাইলে তারা বহিরাগত ছেলে বলে জানালেও তার রাজনৈতিক পরিচয় দেয়নি।

অধ্যক্ষ জানান, এরই মধ্যে কয়েকজন যুবক ছেলেটাক পানি খাওয়ানোর জন্য মসজিদের পাশে নিয়ে যায়।

“সেখান থেকে তারাই ছেলেটাকে পার করে দেয়।”

ছেলেটা শিবিরের নেতা কিনা সেটা জানেন না বলে দাবি করেন তিনি।

ছাত্র শিবিরের কলেজ শাখার সভাপতি সারোয়ার আলম সিদ্দিকী বলেন, কোনো ইস্যু ছাড়াই রিপন আলীকে ছাত্রলীগ নেতাকর্মীরা মারধর করেছেন।

এ ব্যাপারে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম খান ববিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবির নেতা রিপন আলী অবরোধে কলেজ এলাকায় গাড়ি ভাংচুরসহ নানা নাশকতায় জড়িত। তাই তাকে আটক করে অধ্যক্ষকে দেওয়া হয়। কিন্তু তিনি তাকে ছেড়ে দেন।

তাই ক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে হামলা চালায় বলে জানান তিনি।  

নগরীর বোয়ালিয়া থানার ওসি খন্দাকার নূর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই তারা কলেজের প্রশাসন ভবন ভাঙচুর করে চলে যায়।

এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ অভিযোগ দিলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।