নৌকাডুবিতে নিখোঁজ মুসল্লির লাশ উদ্ধার
ইজতেমা শেষে বাড়ি ফেরার পথে টঙ্গীতে তুরাগ নদীতে নৌকাডুবিতে নিখোঁজ এক মুসল্লির লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের দুদিন পর মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
মৃত মো. ওমর ফারুক (১৬) মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ি থানার হাসাইল গ্রামের মো. হারুন উর রশিদের ছেলে।
দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে রোববার দুপুরে বাড়ি ফেরার পথে তুরাগে নৌকা ডুবে নিখোঁজ হন ওমর ফারুক।
ফায়ার সার্ভিসের গাজীপুর জেলার উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, রোববার দুপুরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে কামারপাড়া প্রত্যাশা সেতুর পাশে তুরাগ নদীতে অর্ধশতাধিক মুসুল্লিসহ একটি ট্রলার ডুবে যায়।
ট্রলারডুবির পর থেকেই ওমর ফারুকের সন্ধান মিলছিল না। মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে ফায়ার সাভির্সের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে।
