বাঘা পৌরসভায় ১৪৪ ধারা জারি
সিএনজি চালিত অটোরিকশা সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় রাজশাহীর বাঘা পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলাবর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিলের উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বাঘা থানার ওসি আমিনুর রহমান বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে অটোরিকশা সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সমিতির অপর একটি অংশ ভুয়া ভোটার তৈরির অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দেয়।
এরই প্রেক্ষিতে সব ধরনের গোলযোগ এড়াতে পৌরসভায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা।
সকালে পৌরসভা এলাকায় মাইকিং করে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি।
