২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতাল ডেকে মাঠে নেই ২০ দল

চট্টগ্রাম বিভাগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতাল শুরু হলেও প্রথম দিন সকালে কর্মসূচির সমর্থনে কোনো তৎপরতা দেখা যায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 11:11 AM

Updated : 25 Apr 2022, 12:55 PM

মঙ্গলবার সকাল থেকে নগরীর কোথাও পিকেটিং ও সভা-সমাবেশ করার খবর পাওয়া যায়নি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে থেকে পুলিশ সরিয়ে  নেয়ার পর তাকে ‘অবরুদ্ধ’ রাখার প্রতিবাদে চট্টগ্রাম বিভাগে এ হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়।

সোমবার বিকালে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের ঘোষণা দেওয়া হয়।

সকাল থেকে নগর বিএনপি কার্যালয়ে কোনো নেতাকর্মীর দেখা মেলেনি। দলীয় কার্যালয় ও আশপাশের সড়কে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে।

নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে কোথাও কোনো পিকেটিং বা সভা সমাবেশের খবর পাওয়া যায়নি।”

হরতালে চট্টগ্রাম বিভাগ থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও চলছে ট্রেন। সড়কে ছোটবড় সব ধরনের যানবাহনই চলছে।

শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পোশাক কারখানায় কাজ চলছে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই।