মাঘের শীতে জবুথবু দেশ
দিনভর সূর্যের দেখা না মেলায় মাঘের শুরুতে তীব্র শীত অনুভূত হচ্ছে বাংলাদেশে।
কয়েকটি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও তার বিস্তার আর বেশি ঘটবে না। সেই সঙ্গে শৈত্যপ্রবাহের তীব্রতাও বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ঈশ্বরদীতে ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া ও যশোর অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৃদু শৈত্যপ্রবাহ কয়েকটি এলাকায় বয়ে গেলেও সর্বত্র শীত অনুভূত হচ্ছে বেশি। দিনের বেলা সূর্য দেখা যায়নি। মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও সেই সঙ্গে উত্তরী হাওয়ায় বেশি শীত অনুভব হচ্ছে।”
দিনে ও রাতের তাপমাত্রার পার্থক্যও কম থাকায় শৈত্যপ্রবাহ না থাকলেও তীব্রতা বেশি অনুভূত হচ্ছে, বলেন তিনি।
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এমন আবহাওয়া আরও অন্তত কয়েকদিন থাকতে পারে বলে পূর্বাভাস দেন এই আবহাওয়াবিদ।
আবদুর রহমান বলেন, মাঘ মাসে এমন শীত স্বাভাবিক। গত সপ্তাহে বৃষ্টির কারণে শীত জেঁকে বসেছে।
“সূর্যের দেখা মিলবে শিগগির। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে,” আশা দেন তিনি।
মঙ্গলবারও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের (৭-১৩ মিলিমিটার) সম্ভাবনা রয়েছে বলে জানায় আহাওয়া অধিদপ্তর।
এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২ টি মাঝারি থেকে তীব্র ধরনের শৈত্য প্রবাহ এবং অন্যত্র ২-৩ টি মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
