২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবমেরিন কেবলে ত্রুটি, ইন্টারনেটে ধীরগতি

যে সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশ ইন্টারনেটে যুক্ত, তাতে কারিগরি ত্রুটির কারণে সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 07:47 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরে পেতে সপ্তাহখানেক লেগে যেতে পারে।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের মুম্বাই ও চেন্নাই এর মাঝামাঝি স্থানে সাবমেরিন কেবল সি-মি-উই-ফোর এর রিপিটারে এই সমস্যা দেখা দিয়েছে।

ফলে শনিবার থেকে বাংলাদেশে ইন্টারনেট যোগাযোগ বিঘ্নিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, “সমস্যা সমাধানে কিছু দিন সময় লাগবে, স্বাভাবিক গতি পেতে ছয় থেকে সাত দিন লেগে যাবে।”

তিনি জানান, সাবমেরিন কেবলের ‘ওয়েস্ট সেগমেন্টে’ ব্যান্ডউইথ সরবরাহে সমস্যা হওয়ায় ‘ইস্ট সেগমেন্ট’ দিয়ে ব্যাকাজ চালানো হচ্ছে। এছাড়া ছয়টি ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) দিয়ে বাংলাদেশ ইন্টারনেটে যুক্ত থাকছে।

“তবে শুধু সাবমেরিন কেবল নয়, আইটিসির মাধ্যমে যারা ব্যান্ডউইথ নিচ্ছেন তারাও ধীরগতির সমস্যায় ভুগছেন।”

আইটিসি কোম্পানি ফাইবার অ্যাট হোম লিমিটেডের মুখপাত্র আব্বাস ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইটিসিগুলো একাধিক সাবমেরিন কেবলে যুক্ত। আইটিসির মাধ্যমে যারা ব্যান্ডউইথ নিচ্ছেন তারাও সামান্য ধীরগতির সমস্যায় রয়েছেন।”