২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যমুনার তীর সংরক্ষণ বাঁধে ধস

সিরাজগঞ্জের শাহজাদপুরে পানির স্রোতে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের একটি অংশে ধস দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 06:50 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

বাঁধের ভাটপাড়া অংশে ১৬ ফুট এলাকার ব্লক ধসে গেছে বলে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হলেও এ ভাঙন আরও বেশি বলে দাবি করেছেন স্থানীয়রা।

পাবনার কৈটলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কবিবুর রহমান বলেন, পানির স্রোত সামনের জেগে ওঠা চরে ধাক্কা লেগে বাঁধে আঘাত করায় ভাটপাড়া অংশে ১৬ ফুট এলাকার ব্লক ধসে গেছে।

"রোববার সন্ধ্যায় এ খবর পাওয়ার পর সোমবার সকালে পানি উন্নয়ন বোর্ডের একজন প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যেই ধস থেমে গেছে।"

চলতি মৌসুমেই বাঁধের ক্ষতিগ্রস্ত স্থান মেরামত করা হবে বলে জানান তিনি।

স্থানীয় কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দাবি করেন, ওই স্থানে বাঁধের ৬৫ মিটার এলাকার ব্লক ধ্বসে গেছে।

তদারকির দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ড কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রতিবারই বাঁধের বিভিন্ন অংশ নদীতে ধসে যাচ্ছে বল অভিযোগ করেন তিনি।

ভাঙন ঠেকাতে শাহজাদপুর উপজেলার মোনাকষা থেকে কৈজুরি হয়ে ভেড়াখোলা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যমুনা নদীর পশ্চিম তীর সংরক্ষণে ওই বাঁধ ২০১১ সালে নির্মিত হয়।

দুগ্ধ ও তাঁত শিল্পের এলাকা বলে পরিচিত শাহজাদপুরে এ বাঁধ নির্মাণে ১১০ কোটি টাকা খরচ করে এশিয়ান উন্নয়ন ব্যাংক। এটি তদারকির দায়িত্ব পায় পাবনার বেড়া পানি উন্নয়ন বোর্ড।