২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হত্যার দায়ে ফাঁসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামিলা বেগম নামে এক নারীকে হত্যার দায়ে এক আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 02:58 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

হত্যাকাণ্ডের ছয় বছর পর নারায়ণগঞ্জের দ্বিতীয় জেলা ও দায়রা জজ মিয়াজী শহীদুল ইসলাম সোমবার এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সামছুল ইসলাম মামলার শুরু থেকেই পলাতক বলে এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান জানান।

মামলার নথি থেকে জানা যায়, রূপগঞ্জ উপজেলার বাসিন্দা জামিলা গৃহকর্মী হিসাবে কাজ করতেন। ২০০৯ সালের ২৯ এপ্রিল উপজেলার কুলিনপাড়া এলাকায় বেড়াতে গেলে সামছুল তাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

তার স্বামী আব্দুর রহিম পরে রূপগঞ্জ থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ঘটনার এক বছর আগে সামছুলের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়। এ ঘটনায় জামিলার ইন্ধন ছিল বলে অভিযোগ ছিল সামছুলের। এর জেরেই তিনি জামিলাকে হত্যা করেন।

মোট ১৪ জনের সাক্ষ্য শুনে বিচারক রায় ঘোষণা করেন।