২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের আগুনে পুড়ল অন্ধ মায়ের অবলম্বন

সোহাগ হালদার নামের ১৮ বছরের যুবকটিকে এলাকার সবাই সোহাগ গাজী নামেই চেনে। বাবা নেই, মা সেলিনা বেগম জন্মান্ধ। সোহাগই ছিলেন তার একমাত্র অবলম্বন।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 09:51 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

পুরনো খবর:

অবরোধের আগুনে প্রাণ গেল আরেকজনের

রোববার ভোর রাতে অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রোল বোমায় অন্ধ মায়ের একমাত্র অবলম্বনটুকু হারিয়ে গেছে চিরদিনের জন্য।

শৈশবেই বাবা সাগর গাজীকে হারান সোহাগ। বাবার নিজের জায়গা নেই, তাই দৃষ্টিহীন মাকে নিয়ে আশ্রয় হয় নানা বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামে।

তিন বছর আগে ট্রাক চালকের সহকারীর কাজ নেন সোহাগ। এই কাজ করেই চলত তাদের সংসার।

রোববার সন্ধ্যায় তার লাশ গ্রামের বাড়ি পৌঁছলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। রাতে জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

Image
সোহাগের স্বজনদের আহাজারি

সোহাগের স্বজনদের আহাজারি

সোহাগের নানা দলিল উদ্দিন নাতিকে পুড়িয়ে মারার বিচার চেয়ে বলেন, “দেশে এই আন্দোলন আমরা চাই না। আমার পরিবারের কেউই তো কোনো রাজনীতি করে না। এমন কোনো অপরাধও করি নাই যে, আমার নাতিকে আগুনে পুড়ে মরতে হবে!

“খালেদাই আমার নাতিরে শেষ করে দিল, আমার মেয়ের একমাত্র সম্বলকে পেট্রোল বোমা মেরে গাড়িসহ পোড়াই মারছে। আমি তাদের বিচার চাই।”

শনিবার মধ্যরাতে উজিরপুর থেকে বরিশালে উদ্দেশে রওনা হয় সোহাগের ট্রাকটি। ভোর রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে বামরাইল এলাকায় পৌঁছলে ট্রাকটিতে পেট্রোল বোমা ছুড়ে মারা হয়।

Image
এই ট্রাকেই ছিলেন সোহাগ

এই ট্রাকেই ছিলেন সোহাগ

এ সময় ট্রাক চালক রিপন শেখ দরজা খুলে ট্রাক থেকে বের হতে পারলেও, বের হতে পারেননি সোহাগ। পেট্রোলের আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অগ্নিদগ্ধ রিপন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

ঘটনার বর্ণনা দিয়ে রিপন বলেন, “চোখের সামনের সোহাগ পুড়ে কয়লা হয়ে গেল। ওকে বাঁচাতে পারিনি। আমিও মারাত্মকভাবে পুড়েছি। আগুনের জ্বালা-পোড়া নিয়েই বাড়িতে ফোন দেই।

“পুলিশ এসে আমাদের উদ্ধার করে। এরপর একটি অ্যাম্বুলেন্সে করে আমি ফরিদপুর হাসপাতালে চলে আসি।”