হাতবোমাসহ আটক, পিটুনি দিয়ে পুলিশে
বন্দরনগরী চট্টগ্রামে নয়টি হাতবোমাসহ তিন যুবককে আটকের পর পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
পুলিশ বলছে, নাশকতা ঘটাতে স্থানীয় বিএনপি নেতারা ওই তিন যুবককে নগরীর দামপাড়া গরীবউল্লাহ শাহ মাজার এলাকায় জড়ো করেছিলেন।
এরা হলেন- সোহেল রানা (২২), নূর মোহাম্মদ পারভেজ (২৫) ও মামুনুর রশিদ (২২)।
খুলশী থানার এসআই শামসুর রহমান জানান, শনিবার গভীর রাতে গরীবউল্লাহ শাহ মাজার এলাকায় কয়েকজন যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেয়।
“পুলিশ স্থানীয়দের নিয়ে সেখানে গেলে কয়েকজন যুবক একটি বাজারের থলে ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের তিনজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে ওই ব্যাগের ব্যাগের ভেতরে পাওয়া যায় নয়টি হাতবোমা।”
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্ত্তী বলেন, “স্থানীয় কয়েকজন বিএনপি নেতা নাশকতা সৃষ্টির জন্য হাতবোমাসহ ওই যুবকদের সেখানে জড়ো করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। হাতবোমাগুলো বিভিন্ন স্থানে ফাটানোর পরিকল্পনা ছিল তাদের।”
তিনি বলেন, ওই তিন যুবক কয়েকজন নেতার নামও জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই নামগুলো প্রকাশ করা হচ্ছে না।
