গাবতলীতে ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মধ্যরাতে কাঁচামাল বোঝাই একটি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন-সোবহান (৫৫) ও তাইজুদ্দিন (৩০)। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেঁয়াজ বোঝাই ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে তা সড়কদ্বীপের ওপর উঠে উল্টে যায়।
এতে ট্রাকের ওপরে থাকা সোবহান ঘটনাস্থলে মারা যান। পরে গুরুতর আহত তাইজুদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
