চট্টগ্রামে বোমাবাজির সময় আটক ৫
অবরোধে পটকা ফুটানোর অভিযোগে পাঁচজনকে আটক করেছে চট্টগ্রাম পুলিশ।
শনিবার রাত সোয়া ৮টার দিকে ডবলমুরিং থানার চৌমুহনী মোড় থেকে তাদের আটক করা হয়।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা ডবলমুরিং থানার এসআই শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকজন যুবক চৌমুহনী মোড়ে সিগন্যাল বাতির সামনে দুইটি পটকা ফুটায়।
“এসময় লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে এবং অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে থানায় পাঠানো হয়।”
ডবলমুরিং থানার ওসি নুরুল আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকদের যাচাই করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আতঙ্ক ছড়াতে নাকি অন্য কোন কারণে পটকা ফুটানো হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
