নাশকতা রুখে দেওয়া হবে: আইজিপি
অবরোধের মতো কর্মসূচি ‘সংবিধান পরিপন্থি’ মন্তব্য করে পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে তারা নাশকতা ও সন্ত্রাস রুখে দেবেন।
২০১৩ সালের মতো এবারো কোনো ‘অন্যায় যুদ্ধকে’ ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
রংপুরের মিঠাপুকুরে বাসে আগুন দিয়ে পাঁচ যাত্রীকে হত্যার ঘটনাস্থল ঘুরে দেখে শুক্রবার এক মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।
মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভায় শহীদুল হক বলেন, “অবরোধ কোনো সাংবিধানিক শব্দ নয়। অবরোধ সংবিধান পরিপন্থি। অবরোধের নামে মানুষকে জিম্মি করা গণতন্ত্র নয়।”
এ প্রসঙ্গে ‘জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ ছাড়া’ সংবিধানে ৩৬ ধারায় দেশের যে কোনো স্থানে নাগরিকদের চলাফেরার স্বাধীনতা থাকার বিষয়টি উল্লেখ করেন বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান।
‘যুদ্ধাপরাধী শক্তির উত্থান’ জাতির জন্য ‘ভয়ঙ্কর’ মন্তব্য করে তিনি বলেন, “যানবাহনে আগুন দেওয়া, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা সত্যিকারের রাজনৈতিক দলের কাজ নয়।”
গত বছর নির্বাচনের পর দেশের পরিস্থিতি শান্ত হয়ে এলেও বিএনপি ও শরিকদের আন্দোলনে সারা দেশে নতুন করে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়েছে। নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ১৩ দিন ধরে বিএনপি ও শরিকদের লাগাতার অবরোধের মধ্যে প্রতিদিনই বোমাবাজি, গাড়িতে অগ্নিসংযোগের মতো নাশকতা ঘটছে।
এরই মধ্যে গত মঙ্গলবার গভীর রাতে মিঠাপুকুরের জায়গীরপাড়ায় একটি বাসে আগুন দেওয়া হলে পাঁচ যাত্রী জীবন্ত দগ্ধ হন।
ওই ঘটনায় নিহত রহিম বাদশার স্ত্রী নিলুফা বেগমের হাতে ৫০ হাজার টাকা এবং দগ্ধ আনোয়ার হোসেনের স্ত্রী হাসি বেগমকে ১০ হাজার টাকা অনুদানের চেক তুলে দেন পুলিশ মহাপরিদর্শক ও র্যাব মহাপরিচালক।
রহিম বাদশার ছেলেকে পুলিশে চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দেন আইজি শহীদুল হক।
‘জনগণকে সঙ্গে নিয়ে’ শিগগিরই এই নাশকতা ও সন্ত্রাস বন্ধ করা হবে বলেও উল্লেখ করেন শহীদুল হক।
একই কথা বলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, যারা রাজনীতির নামে নাশকতা চালায়, মানুষ পুড়িয়ে মারে- রাষ্ট্রে তাদের প্রয়োজন নেই।
“২০১৩ সালে তাদের রুখে দিয়েছি। এবারও তাদের অন্যায় যুদ্ধ রুখে দেব। আমরা কাউকে ছাড় দেব না।”
সারাদেশে নাশকতা ঠেকাতে মাঠে থাকা বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদও বৃহস্পতিবার বলেছেন, পাঁচজন সাধারণ মানুষের জীবন বাঁচাতে বোমাবাজদের গুলি করতে তার বাহিনী কুণ্ঠিত হবে না।
রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহম্মদের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, পুলিশের রংপুর রেঞ্জের উপ মহাপরিদর্শক হুমায়ুন কবীর ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু বক্তব্য দেন।
