রিয়াজের ওপর হামলায় অন্য রকম ‘চাল’, সন্দেহ বস্ত্রমন্ত্রীর
বিএনপির অবরোধের মধ্যে খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার পেছনে ‘অন্য রকম চাল’ আছে কিনা- সরকার তা খতিয়ে দেখবে বলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক।
ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি তাকে এ কথা জানান।
সাক্ষাৎ শেষে ইমাজউদ্দিন প্রমাণিক সাংবাদিকদের বলেন, “সাক্ষাতে রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি, তবে রাষ্ট্রদূত সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের দুর্ঘটনার বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন- এসব কাম্য নয়।
“আমি বলেছি এটা দুঃখজনক, এর মধ্যে অন্য রকম ‘চাল’ আছে কিনা তা সরকার খতিয়ে দেখবে।”
বিএনপি জোটের অবরোধের মধ্যে মঙ্গলবার রাতে গুলশানে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর হামলার শিকার হন বিএনপি নেতা রিয়াজ রহমান। তাকে গুলি করার পাশাপাশি তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
এজন্য ক্ষমতাসীনদের দায়ী করে খালেদা জিয়া বলেছেন, সরকারের উচ্চ পর্যায়ের উসকানিতে এ হামলা হয়েছে।
অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো, ভাংচুর ও বোমাবাজি হচ্ছে, যার জন্য বিরোধী জোটকে দায়ী করে আসছে আওয়ামী লীগ।
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাণিজ্য বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যের মূল্যে বাড়াতে তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন।
“বাংলাদেশে শ্রম মূল্য বেড়ে গেছে। এজন্য রপ্তানি মূল্য বৃদ্ধি করতে আহ্বান জানানো হয়েছে।”
রপ্তানি পণ্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের টেক্সটাইল শিক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইইউ রাষ্ট্রদূত সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান মন্ত্রী।
