চট্টগ্রামে ‘চাঁদের গাড়ির’ ধাক্কায় ৬ পুলিশ আহত
চট্টগ্রামের লোহাগাড়ায় ‘চাঁদের গাড়ির’ ধাক্কায় টহল পিকআপে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত শরীফুল আলম ও আরসি মারমা নামে লোহাগাড়া থানার দুই কনস্টেবলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আধুনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
“রাতে টহল দেওয়ার সময় একটি চাঁদের গাড়ি পেছন থেকে পুলিশের পিকআপকে ধাক্কা দেয়। এতে কনস্টেবল শরিফুল ও আরসি এবং এএসআই আবু বকরসহ ছয় পুলিশ সদস্য আহত হন।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দুই পুলিশ সদস্য আশঙ্কামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানিয়েছেন।
গাড়িটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছে বলে ওসি শাহজাহান জানিয়েছেন।
