জামালপুরে বস্তাভর্তি সাড়ে ৩ হাজার গুলি উদ্ধার
জামালপুরের সীমান্ত এলাকা দেওয়ানগঞ্জ উপজেলায় একটি বাড়িতে কাজ করতে গিয়ে মাটি খুঁড়ে বস্তাভর্তি তিন হাজার ৭৪০টি গুলি পেয়েছে নির্মাণ শ্রমিকরা।
দেওয়ানগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে পাথরের চর গ্রামের আব্দুল্লাহ আল মামুন নামে এক পল্লী চিকিৎসকের বাড়িতে গুলিগুলো পাওয়া যায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামুনের নতুন বাড়ির গোসলখানা নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন।
“এ সময় মাটির নিচে বস্তাভর্তি গুলি দেখতে পান তারা। পরে দেওয়ানগঞ্জ থানার পুলিশ ও পাথরের চর বিজিবি ক্যাম্পের সদস্যরা ওই বাড়িতে গিয়ে তিন হাজার ৭৪০টি গুলি উদ্ধার করে।”
এগুলো এসএমজির গুলি হতে পারে বলে জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহম্মেদ তারেক কবির জানিয়েছেন।
উদ্ধার হওয়া গুলিগুলো দেওয়ানগঞ্জ থানায় নেওয়া হয়েছে।
