২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে না বার

বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, তবে নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে তারা।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 07:37 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

নতুন প্রধান বিচারপতির শপথের তিন দিন আগে বুধবার বিএনপি নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনে তাদের সিদ্ধান্ত জানায়।

বিচারপতি মো. মোজাম্মেল হোসেন প্রধান বিচারপতির পদ থেকে বিদায় নিচ্ছেন। তার স্থলে শনিবার শপথ নিতে যাচ্ছেন বিচারপতি এস কে সিনহা।

বিদায়ী ও নতুন প্রধান বিচারপতিকে আইনজীবী সমিতির সংবর্ধনা দেওয়ার রেওয়াজ থাকলেও এর আগে বিচারপতি এ বি এম খায়রুল হক বিদায়কালে তা পাননি।

‘বেঞ্চ গঠনে জ্যেষ্ঠ বিচারপতিদের কোনঠাসা করে রাখা, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মৃত আইনজীবী এম ইউ আহমেদের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া’কে বিচারপতি মোজাম্মেল হোসেন হোসেনকে সংবর্ধনা না দেওয়ার পেছনে কারণ হিসেবে দেখিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, “এই প্রধান প্রধান বিচারপতি ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টে আইনজীবীদের ওপর হামলার ঘটনায় কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আটক থাকা অবস্থায় সমিতির সভাপতি ও সম্পাদকের জামিনের বিষয়ে পদক্ষেপ নেননি।”

বিচার বিভাগ পৃথক করার রায় পূর্ণরূপে বাস্তবায়নে বিচারপতি মো. মোজাম্মেল হোসেন কোনো পদক্ষেপ নেননি বলেও আইনজীবী সমিতির সভাপতির অভিযোগ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বর্তমানে ১৪ পদের ১৩টিতে বিএনপি সমর্থকরা রয়েছেন। সভাপতি খন্দকার মাহবুব বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন বিএনপির যুগ্মমহাসচিব।

পুরনো খবর:

নতুন প্রধান বিচারপতি এস কে সিনহা
নতুন প্রধান বিচারপতির শপথ শনিবার