২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অবরোধকারীদের ‘হামলায়’ আহত যুবলীগ নেতার মৃত্যু

ফেনীর সোনাগাজীতে হামলায় আহত এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। অবরোধকারী বিরোধী জোটের কর্মীরা তার ওপর হামলা চালিয়েছিল বলে তার স্বজনদের দাবি।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 05:26 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

নিহত বেলাল হোসেন (৩৫) সোনাগাজী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ফেনীর ফুলগাজী উপজেলার সুজাপুর গ্রামের জিয়াবুল হকের ছেলে বেলাল সোনাগাজীর ভৈরব চৌধুরী বাজারে ব্যবসা করতেন।

মঙ্গলবার রাতে ভৈরব চৌধুরী বাজারে হামলায় আহত হওয়ার পর বেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভোররাতে তিনি মারা যান বলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

Image
গাড়ি ভাংচুরের এই চিত্র ঢাকার সাভারের

গাড়ি ভাংচুরের এই চিত্র ঢাকার সাভারের

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকে গত ৫ জানুয়ারি থেকে সারাদেশে লাগাতার অবরোধ চলছে। এর মধ্যে গাড়ি ভাংচুরের পাশাপাশি অগ্নিসংযোগ চলছে বিভিন্ন স্থানে।

নিহতের বড় ভাই মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর বাজারে বিএনপি কর্মীরা অবরোধের সমর্থনে গাড়ি ভাংচুর করছিল।

“তখন দোকান থেকে বাড়ি ফিরছিল বেলাল, সে রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল। গাড়ি ভাংচুরের ঘটনাটি আওয়ামী লীগ নেতাদের ফোনে জানিয়েছে অভিযোগ তুলে বেলালকে মারধর করে অবরোধকারীরা।”

আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বেলালকে। অবস্থার অবনতি হওয়ায় তাকে পরে চট্টগ্রাম পাঠানো হয়।