ইজতেমামুখী বাস দুর্ঘটনায় মুসল্লি নিহত
নোয়াখালীর সেনবাগে ইজতেমা যাত্রীদের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেওয়ায় এক মুসল্লি নিহত হয়েছেন, আহত হন আরও পাঁচজন।
নিহত দেলোয়ার হোসেন (৫৬) কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের সেকান্তর মিয়ার ছেলে।
সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম জানান, বুধবার ভোর রাতের দিকে উপজেলার ছাতারপাইয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নিহতের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে ওসি মমিনুল বলেন, সেনবাগ থেকে স্থানীয় মুসল্লিদের একটি বাস টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার উদ্দেশে মঙ্গলবার রাতে রওনা হয়।
পথে ভোররাত ৩টার দিকে সোনাইমুড়ী-ছাতারপাইয়া সড়কের ছাতারপাইয়া বাইপাস এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়।
এ সময় দোলোয়ার হোসেনসহ বাসে থাকা ছয় মুসল্লি আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান দেলোয়ার।
তুরাগ তীরে প্রথম দফা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল ৯ থেকে ১১ জানুয়ারি। দ্বিতীয় দফা হবে ১৬ থেকে ১৮ জানুয়ারি।
