তুরাগ নদীতে পড়ে নিখোঁজ মুসল্লির লাশ উদ্ধার
টঙ্গীতে বিশ্ব ইজতেমা শেষে বাড়ি ফেরার পথে তুরাগ নদীতে পড়ে নিখোঁজ মুসল্লির লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা আবু বকর সিদ্দিকের (৪০) লাশ উদ্ধার করেন।
আবু বকর সিদ্দিক রংপুরের পীরগঞ্জ থানার সুমোধপাড়া এলাকার বাসিন্দা।
গত ১১ জানুয়ারি প্রথম পর্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে নৌকায় করে আশুলিয়ায় আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় নদীতে পড়ে নিখোঁজ হন আবু বকর সিদ্দিক।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে দুপুর সাড়ে ১২টার দিকে নৌকায় আশুলিয়া যাওয়ার পথে নৌকা থেকে তুরাগ নদীতে পড়ে যান আবু বকর।
খবর পেয়ে ইজতেমা ময়দানে দায়িত্ব পালনরত গাজীপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাশি শুরু করেন।
বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় সাহেব আলী মাদ্রাসার সামনে তুরাগ নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
