পায়রা বন্দরের কারিগরি পরামর্শক যুক্তরাজ্যের ওয়েলিংফোর্ড
নির্ধারিত সময়ের মধ্যে অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের কাজ শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের এক সপ্তাহের মধ্যে পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দরের কারিগরি পরামর্শক ও ধারণাগত মহাপরিকল্পনা (কনসেপচুয়াল মাস্টারপ্ল্যান) প্রণয়নে বিদেশি একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ পাওয়া যুক্তরজ্যের গবেষণা প্রতিষ্ঠান এইচআর ওয়েলিংফোর্ডের সঙ্গে বুধবার এ বিষয়ে একটি চুক্তি করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং এইচআর ওয়েলিংফোর্ডের টিম চেসার চুক্তিতে সই করেন।
গত বুধবার ‘ফাস্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং কমিটির’ তৃতীয় সভায় প্রধানমন্ত্রী সরকারের যেসব অগ্রাধিকারভিত্তিক প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের তাগিদ দেন তার মধ্যে পায়রা বন্দর প্রকল্পও রয়েছে।
সভায় আগের ছয়টি অগ্রাধিকার প্রকল্পের সঙ্গে মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াটের আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এবং পায়রা সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প যুক্ত করে ওই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান জানান, চুক্তি অনুযায়ী এইচআর ওয়েলিংফোর্ড ১৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নয় মাসে কনসেপচুয়াল মাস্টারপ্ল্যান প্রণয়ন করবে।
এ চুক্তির মধ্যে দিয়ে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে বলে মন্তব্য করেন ঢাকায় দেশটির হাই কমিশনার রবার্ট গিবসন।
“আমরা আশা করি একটি আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব বন্দরের রূপরেখা প্রণয়ন করতে পারব,” বলেন তিনি।
২০১৩ সালের ৭ অক্টোবর মন্ত্রিসভা ‘পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন-২০১৩’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর ওই বছরের ৫ নভেম্বর ‘পায়রা বন্দর অধ্যাদেশ ২০১৩’ সংসদে পাস হয়।
একই বছর ১৯ নভেম্বর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রা বন্দরের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমুদ্রবন্দরটি রাবনাবাদ চ্যানেলে হলেও শান্তির প্রতীক পায়রার নামে এর নামকরণ করা হয়েছে।
