২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেসবিহীন গাড়ি: কোটি টাকার জরিমানা আদায়

ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে প্রায় দুই মাসের অভিযানে কোটি টাকার বেশি জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 12:14 AM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, গত ১০ নভেম্বর থেকে চলতি মাসের পাঁচ জানুয়ারি পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ১৫ হাজার ৯৯০টি মামলার বিপরীতে এক কোটি ১২ লাখ ৯৯ হাজার ১৯০ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার সকালে রাজধানীর এলেনবাড়িস্থ বিআরটিএর কার্যালয় পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিআরটিএর চেয়ারম্যান সাংবাদিকদের জানান, গত বছর ২৬ অক্টোবর বিআরটিএর সঙ্গে বৈঠকে মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চালানো এসব অভিযানে ৬০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৪৩৫টি ফিটনেসবিহীন গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।

এর আগে আগে মিরপুরের কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান যোগাযোগমন্ত্রী। সেখানে অনিয়ম, দুর্নীতি ও দালালদের সঙ্গে যোগসাজসের জন্য তিন কর্মকর্তাকে সনাক্ত করেন তিনি।

এদের মধ্যে সহকারী পরিচালক (এডি) শামসুজ্জামান ভূঁইয়া ও সানাউল হককে কারণ দর্শানোর নোটিস ও সতর্কতা এবং উপপরিচালক এসকে বিশ্বাসকে বদলির আদেশ দেন তিনি।

সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, দায়িত্ব নেওয়ার পর অনিয়ম ও দুর্নীতি কমাতে এবং বিআরটিএর কাজে স্বচ্ছতা আনতে ১৫টি ‘সারপ্রাইজ ভিজিট’ করেছি।  তবে প্রতিবার তারা এসব ভিজিট আগে থেকে জেনে গেলেও আজ সেই সুযোগ ছিল না।

নিজের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে গুরুত্বপূর্ণ এই সেবাখাতে দুর্নীতি কমে এসেছে দাবি করে সেতুমন্ত্রী বলেন, বিআরটিএর ঢাকা শহরের মতো কার্যালয়গুলোতে দুর্নীতি ৭০ শতাংশ কমেছে। কিন্তু মফস্বল পর্যায়ে দুর্নীতি কমেছে মাত্র ৩০ শতাংশ।

তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধে গত আট দিনে ৬০টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে, যার মধ্যে বিআরটিসির দুটি বাস রয়েছে। এছাড়া দু্ই শতাধিক গাড়ি ভাংচুর করেছে অবরোধকারীরা।