সুপ্রিম কোর্টের নিরাপত্তায় বিচারকদের কমিটি
উচ্চ আদালতের বিচারকক্ষ থেকে বোমা উদ্ধারের পর সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিষয়ে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাই কোর্ট বিভাগের আরো ছয় বিচারপতিকে নিয়ে সাত সদস্যের এই কমিটি গঠন করেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এসএম কুদ্দুস জামান।
কমিটির সদস্য অন্য বিচারপতিরা হলেন- মির্জা হোসেইন হায়দার, এএফএম আবদুর রহমান, কামরুল ইসলাম সিদ্দিকী, এম ইনায়েতুর রহিম, ওবায়দুল হাসান ও গোবিন্দ চন্দ্র ঠাকুর।
এবিষয়ে কুদ্দুস জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুপ্রিম কোর্টের বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা সুপারিশ আকারে প্রধান বিচারপতিকে একটি প্রতিবেদন দেবে এই কমিটি।
গত রোববার সুপ্রিম কোর্টের দুটি এজলাস থেকে তিনটি বোমা এবং আদালতের একটি টয়লেট থেকে গুলিভর্তি পিস্তল উদ্ধার হয়।
এরপর আদালত অঙ্গনের নিরাপত্তা নিয়ে আলোচনার প্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়।
এর আগে তারেক রহমানকে নিয়ে একটি আদেশের পর দুইজন বিচারকের বাড়িতে হামলা হয়।
