সিলেটে বিএনপির ৪ নেতাকর্মী গ্রেপ্তার
সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুলসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে মাথিউরা দোয়াখা গ্রামে নিজ বাড়ি থেকে নজমুলকে এবং ভোররাতে পৃথক অভিযান চালিয়ে বিএনপি তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাকি তিনজন হলেন, আতিকুর রহমান আকুল (৩৫), আবু লেইছ (২৩) ও মামুনুর রশিদ শাহেদ (৩০)।
বিয়ানীবাজার থানার ওসি জুবের আহমদ জানান, গ্রেপ্তার নজমুল হোসেন পুতুল পুলিশের উপর হামলা ও ভাংচুরের দুটি মামলার আসামি। এছাড়া ওই তিনজনেরর বিরুদ্ধেও গাড়ি ভাংচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে মামলা রয়েছে।
এদিকে উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুলকে গ্রেপ্তারের প্রতিবাদে বিয়ানীবাজার উপজেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ অদুদ রোকন বলেন, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে উপজেলায় বুধবারে এ হরতাল ডাকা হয়েছে।
