২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের শামির হলেন ‘কুইনস ইয়ং লিডার’

পরিবেশ নিয়ে কাজের স্বীকৃতি হিসাবে যুক্তরাজ্য সরকারের 'কুইনস ইয়ং লিডারস' পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি তরুণ শামির শিহাব, যিনি বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ নামের একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 08:11 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

শামিরসহ কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের ৬০ জন তরুণ প্রতিনিধিকে প্রথমবারের মতো প্রবর্তিত এ পুরস্কার দেওয়া হচ্ছে।  আগামী জুনে ব্রিটেনের রানীর পক্ষ থেকে লন্ডনে এই তরুণদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

ঢাকার ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন মঙ্গলবার জানান, সমাজে ব্যতিক্রমী নেতৃত্বের নজির গড়ায় বাংলাদেশের শামিরকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। 

সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোর জোট কমনওয়েলথের প্রধান হিসাবে রানী এলিজাবেথের ৬০ বছর পূর্তি উপলক্ষে কুইন এলিজাবেথ ডায়মন্ড জু্বিলি ট্রাস্ট, কমিক রিলিফ ও দি রয়্যাল কমনওয়েলথ সোসাইটি এই পুরস্কারের প্রবর্তণ করেছে।    

ব্রিটিশ হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজ নিজ সমাজের মানুষের জীবনকে বদলে দেওয়ার ক্ষেত্রে যে তরুণেরা নেতৃত্ব দিচ্ছেন, তাদের সাফল্য উদযাপন করাই এ পুরস্কারের লক্ষ্য। ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদেরই এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ কতোটা ঝুঁকির মধ্যে রয়েছে তা অনুধাবন করে পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে ২০০৯ সালে শামির গড়ে তোলেন ‘বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ’।

এ সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে, যাতে তারা পরিবেশগত সমস্যা নিয়ে কাজ করতে পারে। সেই সঙ্গে পরিবেশ নিয়ে উচ্চতর শিক্ষায় যেন তারা আগ্রহী হয়ে ওঠে।

এই উদ্যোগের অংশ হিসাবে শামির ও তার সহকর্মীরা ৩০টি স্কুলে পরিবেশ ক্লাব গড়ে তোলেন। আয়োজন করা হয় ‘আর্থ অলিম্পিয়াড’ এর।  

শামির ছাড়াও এশিয়া অঞ্চলের সাতজন এবার 'কুইনস ইয়ং লিডারস' পুরস্কার পাচ্ছেন। তাদের মধ্যে ভারতের তিনজন, শ্রীলঙ্কার দুইজন এবং ব্রনেই ও পাকিস্তানের একজন করে রয়েছেন।