২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর রাতে রাবি হলে তল্লাশি, আটক ১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি হলে সোমবার গভীর রাতে তল্লাশি চালিয়ে ১৬ জন ‘ইসলামী ছাত্রশিবিরকর্মীকে’ আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 05:29 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

এছাড়া মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের আরও ১০ জনকে আটক করে।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ আটক অভিযান চালায় মহানগর ও জেলা পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, সোমবার রাত সাড়ে ১২টা থেকে দুই ঘন্টাব্যাপী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা ও শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালানো হয়।

এ সময় ছাত্রশিবিরের কর্মী সন্দেহে ১৬ জনকে আটক করা হয়েছে।

এছাড়া বিএনপি-জামায়াতের আরও ১০ কর্মীকে আটক করার কথাও তিনি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তারিকুল হাসান বলেন, বহিরাগত কোনো শিক্ষার্থী হলে অবস্থান করছে কিনা তা শনাক্ত করতে পুলিশ রাতে হলে তল্লাশি চালিয়েছে। এ সময় কিছু শিক্ষার্থী তাদের পরিচয়পত্র দেখাতে পারেনি। তাই পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য।

রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, জেলার গোদাগাড়ী, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জন বিএনপি-জামায়াতের কর্মীকে আটক করা হয়েছে।

বিএনপির অবরোধের নামে নাশকাতার আশঙ্কায় এ অভিযান চালানো হয় বলে জানান পুলিশ সুপার।