২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি লাইভে প্রধানমন্ত্রীর ফোন, বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা

চ্যানেল আইয়ের গানের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মধ্যেই প্রধানমন্ত্রীর ফোন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে তিনি জানালেন জন্মদিনের শুভেচ্ছা।

রিয়াজুল বাশার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 02:12 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার সকালে অভাবনীয় এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চলছে তুমুল আলোচনা।

শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও দেশ বরেণ্য শিল্পী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর ফোন পেয়ে উচ্ছ্বসিত রেজওয়ানা চৌধুরী বন্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি ফোন করায় খুবই ভালো লেগেছে। মনে হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী একজন রুচিশীল, সঙ্গীতপ্রিয় মানুষ। উনি যে সকালে উঠে এ ধরনের প্রোগ্রাম দেখেন এটাও আমার খুব ভাল লেগেছে।”

চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’ অন্য দিনের মতই মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হয়। দর্শকরা ফোন করে এ অনুষ্ঠানে শিল্পীকে গানের অনুরোধ জানাতে পারেন।  

অনুষ্ঠানে ফোন পেয়ে উপস্থাপক শুভ সকাল বলার পরই ওপাশ থেকে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, “শুভ সকাল। বন্যাকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ জন্মদিন বন্যা।

“তোমার সুরের মূর্ছনায় সারা বাংলাদেশ মোহিত হয়ে থাকবে সেটাই আমি চাইব। যুগ যুগ ধরে তোমার এই সুরেলা কণ্ঠ বাংলাদেশের মানুষকে, মানুষের হৃদয়কে আরো জাগ্রত করুক, আরো সুন্দরভাবে তুমি গান গেয়ে যাও। দীর্ঘজীবী হও, আমার দোয়া সবসময় তোমার জন্য থাকবে।”

এ সময় বন্যাকে বলতে শোনা যায়, “আপা..হঠাৎ রবীন্দ্রনাথের একটা লাইন শুধু মনে পড়ছে, ‘হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত’।”

প্রধানমন্ত্রীর পর শেখ রেহানার ‘শুভ জন্মদিন বন্যা আপা’ বলার পর পর রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, “আমরাতো স্কুলে একসাথে ছিলাম। ও আমার জুনিয়র কিন্তু আমরা ধানমন্ডি স্কুলে একসাথে। তুমি আজকে ফোন করেছো রেহানা, আমি.. সো কাইন্ড অব ইউ।”

এসময় শেখ রেহানা বলেন, “আপনার জন্য আমরা গর্বিত। আপনার জীবনটা খুব সুন্দর হোক।
এরপর ‘ভরা থাক স্মৃতি সুধায়’ বলে শেখ রেহানা কথা শেষ করার পর বন্যা গানটি গেয়ে শোনান।

অনুষ্ঠানের প্রযোজক ইফতেখার মুনিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন উপলক্ষে এদিন তাকে অতিথি করে আনা হয়। অনুষ্ঠান কিছুক্ষণ পার হতেই হঠাৎ প্রধানমন্ত্রীর ফোন আসে।

“সরাসরি অনুষ্ঠানের মধ্যে তিনি (প্রধানমন্ত্রী) ফোনে রেজওয়ানা চৌধুরী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। এরপর একই ফোনে শেখ রেহানাও রেজওয়ানা চৌধুরী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘ভরা থাক স্মৃতি সুধায়’ বলে কথা শেষ করেন।”

শেখ হাসিনা ও শেখ রেহানা বন্যার সঙ্গে দুই থেকে আড়াই মিনিট কথা বলেন।

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, “আমি অনুষ্ঠানের মধ্যে ছিলাম। এসময় হঠাৎ উনার (প্রধানমন্ত্রী) ফোন আসে।”

শেখ হাসিনা ও শেখ রেহানার পক্ষ থেকে পরে বন্যার বাসায় উপহারও পাঠানো হয় বলে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানান।

প্রধানমন্ত্রী ও শেখ রেহানা ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, লেখক সৈয়দ শামসুল হক, কবি আসাদ চৌধুরী, শিল্পী হাশেম খানসহ অনেকে অনুষ্ঠানে ফোন করে বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান ইফতেখার মুনিম।