তিন জেলায় বোমা, ভাংচুর, অগ্নিসংযোগ
হরতাল ও অবরোধে সোমবার ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও মানিকগঞ্জে বোমা বিস্ফোরণ, যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে হাতবোমার বিস্ফোরণ ও যানবাহন ভাংচুর করা হয়। মানিকগঞ্জে একটি লেগুনায় আগুন দেওয়া হয়।
এছাড়া মানিকগঞ্জ ও ফেনীতে ১০ জনকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া
হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১২টার দিকে শহরের টিএ রোডে ছাত্রদলের নেতাকর্মীরা হরতালের পক্ষে একটি মিছিল রের করলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
হরতালকারীরা ৬টি ইজিবাইক ভাংচুর ও অনেক হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
এছাড়া শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসসহ ৬টি যানবাহন ভাংচুর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে।
এ ঘটনায় শহরে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মহিদুল রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের কম্পিউটার সার্ভার কক্ষে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এতে কম্পিউটার সার্ভার কক্ষের গ্লাস ভেঙ্গে যায়। ওই সময় তিনি অফিসে কাজ করছিলেন বলে জানান।
ফেনী
ফেনীতে অবরোধ ও হরতালে ফুলগাজী উপজেলায় বেশকিছু হাতবোমা ও পটকার বিস্ফোরণ হয়েছে। পিকেটাররা ৬/৭টি গাড়ি ভাংচুর করেছে।
হরতালে পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে ৬ জনকে আটক করেছে।
হরতাল সমর্থনে শহরে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ২০ দলীয় জোটের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, নাশকতা এড়াতে পুলিশ-র্যাবের পাশাপাশি বিজিবি টহলে রয়েছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানচলাচলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে।
ফুলগাজী থানার ওসি হারুন-অর-রশিদ জানান, হারতালকরীরা থেমে থেমে পটকার বিস্ফোরণ করেছে। তারা কয়েকটি গাড়িও ভাংচুর করেছে। পুলিশ পিকেটিং করার সময় দুই পিকেটারকে আটক করেছে।
দাগনভূঁঞা থানার ওসি আবুল ফয়সাল জানান, রোবাবর হরতালে হাতবোমার বিস্ফোরণসহ ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
উপজেলা যুবদলের সভাপতি হাসানুজ্জামান শাহাদাত ও সাধারণ সম্পাদক কবির আহম্মদ ডিপলুসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনেককে আসামি করে মামলা দায়ের করা হয়। এই মামলায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
বিএনপির চেয়ারপারসন খালদো জিয়াকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ তুলে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারসহ মামলারপ্রতিবাদে সোমবার ১৪ জেলায় হরতাল ডেকেছে ছাত্রদল।
মানিকগঞ্জ
দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানরায় একটি লেগুনায় আগুন দিয়েছে হরতাল-সমর্থকরা। এতে লেগুনার বেশিরভাগ অংশ পুড়ে যায়, তবে কেউ হতাহত হয়নি।
এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, বেলা ১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মানরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি লেগুনায় আগুন দেয় হরতাল-সমর্থকেরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
জেলা বিএনপির ডাকা হরতালে সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার তেমন যানবাহন চোখে পড়েনি। তবে স্থানীয় কিছু সংখ্যক যাত্রীবাহী বাস চলাচল করেছে।
যানবাহনে আগুন দেওয়ার অভিযোগ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই শাহ আলম।
