২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রাকচাপায় নারী নিহত

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথচারী নারী নিহত হয়েছেন, আহত হন শিশুসহ অন্তত ১২ জন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 07:50 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

রোববার দুপুরে হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় এ  দুর্ঘটনা দুটি ঘটে।

হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হাজীগঞ্জের এনায়েতপুরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত এক নারী নিহত হন।

ফরিদগঞ্জ থানার এসআই মাহবুবুল আলম জানান, লক্ষ্মীপুরের রায়পুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক এবং ফরিদগঞ্জ বাজারমুখী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে শিশুসহ অটোরিকশার ১২ যাত্রী আহত হন।

এদের মধ্যে গুরুতর আহত মাহমুদুল হাছান মৃদুল (২৯), শাহ আলম (৩০), ওসমান গনি (৪০) ও কমল মিয়াকে (৪০) চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অন্যদের মধ্যে রয়েছেন রেজাউল করিম (৪১), পারভেজ (২৯), মঞ্জুর (৪২), শোভন (২৬), ঐশী (৭) ও দীপক (১৮)।

ঘটনাস্থল থেকে অটোরিকশা ও ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান এসআই মাহবুবুল আলম।