বিমানবন্দরে ৯ কেজি সোনাসহ আটক ১
হজরত শাহজালাল বিমানবন্দর থেকে নয় কেজি সোনাসহ একজন ধরা পড়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে এনামুল হক চৌধুরী (২৫) নামে ওই যুবককে আটক করা হয় বলে শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনামুল দুবাই এয়ারের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকা আসেন।
“গতিবিধি সন্দেহ হওয়ায় এনামুলের দেহ তল্লাশি করা হয়। তার আন্ডার কোটের দুটি পকেটে ৪০টি করে ৮০টি সোনার বার পাওয়া যায়।”
আটক সোনার ওজন নয় কেজি, যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ কোটি টাকা বলে শুল্ক কমিশনার জিয়া জানান।
আটক এনামুলের বাড়ি চট্টগ্রামে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শুল্ক বিভাগ জানিয়েছে।
